দেশ-বিদেশ

দোকান মালিকের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ।

নরসুন্দা ডটকম   নভেম্বর ৩০, ২০২৫

কিশোরগঞ্জ শহরের দোকান মালিকের ওপর ফুটপাতের ব্যবসায়ীদের হামলার প্রতিবাদে রাস্তা বন্ধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় দোকান মালিকরা।
৩০ নভেম্বর রবিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের প্রধান সড়কের অবরোধ করে তারা এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
বিক্ষোভকারী ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, ফুটপাত দখল ও ব্যবসা পরিচালনা নিয়ে বেশ কিছুদিন ধরেই মূল সড়কের দোকান মালিকদের সঙ্গে ফুটপাতের ব্যবসায়ীদের বিরোধ চলছিল। এরই জের ধরে শনিবার রাতে দোকান মালিকের ওপর আকস্মিক হামলা চালায় কয়েকজন সন্ত্রাসীনামক ফুটপাত ব্যবসায়ী।
ঘটনার পরপরই এলাকার দোকান মালিকরা ক্ষোভ প্রকাশ করে সড়ক অবরোধে নামেন। প্রায় এক ঘণ্টা ধরে চলা এই বিক্ষোভে শহরের যান চলাচল ব্যাহত হয় এবং সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বিক্ষোভকারীরা জানান, এই অবৈধ দোকানপাট ও স্থাপনার কারণে জনসাধারণের স্বাভাবিক চলাচল ‘ব্যাহত হচ্ছে। অন্য দিকে স্কুল-কলেজ গামী শিক্ষার্থী, চাকুরিজীবি, সাধারণ ক্রেতারা ঝুঁকির মধ্যে পড়ছে এবং জরুরী সেবার এ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও জরুরী বিদ্যুতের গাড়ি চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। শহরব্যাপী ফুটপাত দখল হয়ে যাওয়ার কারণে ব্যবসায়ীরা চরমভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং প্রতিনিয়ত ফুটপাতের হকারদের সাথে সাধারণ ব্যবসায়ী, ক্রেতা ও পথচারীদের ঝগড়া বিবাদ এবং মারপিটের ঘটনা ঘটছে। ফুটপাত ব্যবসায়ীদের দৌরাত্ম্য দিন দিন বাড়ছে। তাদের সন্ত্রাসী হামলার দ্রুত বিচার ও ফুটপাত দখলমুক্ত করার দাবি জানান তারা।

বিক্ষোভ শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর অবৈধ ফুটপাত উচ্ছেদের জন্য স্মারকলিপি প্রদান করা হয়।
এদিকে শহরের ঈশাখারোড, বড়বাজার ও গৌরাঙ্গ বাজার সহ আশেপাশের দোকানপাট ও রাস্তা বন্ধ করে শাটডাউন কর্মসূচিও পালন করে স্থানীয় ব্যবসায়ীরা। তারা জানায় আমাদের দাবি না-মানা পর্যন্ত এ কর্মসূচি চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন।

About the author

নরসুন্দা ডটকম

Leave a Comment