নরসুন্দা ডেস্ক: মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষ্যে শিশুদের নিয়ে আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করেছে কিশোরগঞ্জ সংস্কৃতি মঞ্চ। গতকাল সকাল এগারোটায় পুরানথানাস্থ জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আবৃত্তি প্রতিযোগিতার শুরুতেই অমর একুশ নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মো. জিয়াউর রহমান। ‘ক’ ও ‘খ’ গ্রুপে আটান্নজন শিক্ষার্থী আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় দুটি গ্রুপ হতে বিজয়ী ছয়জনকে পুরষ্কৃত করা হয়। পাশাপাশি আরো চারজন প্রতিযোগীকে দেয়া হয় বিশেষ পুরষ্কার। বিজয়ী পুরষ্কার প্রাপ্তরা হলেন: নুসাইবা বিনতে আকরাম, রুফাইদা মাসনুন, রাওনাফ ফাইরুজ, পূর্ণতা সাহা রাশি, তাজকিয়া হোসেন ইমি ও প্রীতিস্মিতা সোহানী।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরুদয়াল সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. তৌহিদা জেসমিন শম্পা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির নৃত্য প্রশিক্ষক নারায়ণ দেব, নাট্যজন আতাউর রহমান মিলন ও সহকারী অধ্যাপক সামিউল হক মোল্লা। আবৃত্তির বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ছড়াকার সাদরুল উলা, আবৃত্তি প্রশিক্ষক সোহেলী শিরিন সীমা ও বাচিকশিল্পী দেলোয়ার হোসেন শামীম। কিশোরগঞ্জ সংস্কৃতি মঞ্চের আবৃত্তি প্রতিযোগিতায় বিশেষ সহযোগিতায় ছিল রংলিপি সাংস্কৃতিক পরিবার। অনুষ্ঠানে শৃঙ্খলার দায়িত্বে ছিলেন উপদেষ্টা হুমায়রা পারভীন পপি, সহ-সাধারণ সম্পাদক কায়েস আকন্দ, সহ-সাধারণ সম্পাদক নিরব রিপন ও সাংগঠনিক সম্পাদক জহিরুল হাসান রুবেল। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক কবির উদ্দিন ফারুকী সোয়েল।
