মোঃ মাহবুব আলম, অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় অভিযান চালিয়ে ৯৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় অষ্টগ্রাম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযানের সময় আরও দুইজন মাদক কারবারি পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১ এপ্রিল ২০২৬ রাত আনুমানিক ১০টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আদমপুর ইউনিয়নের বালুরচর এলাকায় মাদক কেনাবেচার খবর পাওয়া যায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে থানার অফিসার ইনচার্জকে জানিয়ে এসআই (নিঃ) রিপন কুমার পাল সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন।
রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পাঁচজন ব্যক্তি পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া দিয়ে তিনজনকে আটক করা হলেও বাকি দুইজন পালিয়ে যেতে সক্ষম হয়।
আটককৃতরা হলেন— ১. মুনসুর আহম্মেদ (৩৮), গ্রাম: আদমপুর রগাহাটী
২. আমিনুল ইসলাম (৩৫), গ্রাম: নুরপুর, জামালপুরহাটি
৩. আব্দুল আলী (৪২), গ্রাম: কৈরাইল, অষ্টগ্রাম
পরে তাদের দেহ তল্লাশি করে ৯৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা পালিয়ে যাওয়া অপর দুইজনের পরিচয় প্রকাশ করেছে বলে জানা গেছে।
এ ঘটনায় অষ্টগ্রাম থানায় মামলা নং-০১ (তারিখ: ০২ এপ্রিল ২০২৬) দায়ের করা হয়েছে। এর আগে ১ এপ্রিল ২০২৬ তারিখে সাধারণ ডায়েরি (জিডি) নং-১৩ রেকর্ড করা হয়।
অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেব খাঁন বলেন,
“মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে তিনজনকে ইয়াবাসহ আটক করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”
পুলিশ আরও জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন এবং তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।
