দেশ-বিদেশ

সড়ক দখল করে ধান মাড়াই: এক সন্ধ্যায় ৩ দুর্ঘটনা, প্রশাসনের নীরবতা

নরসুন্দা ডটকম   এপ্রিল ১২, ২০২৬


মোঃ মাহবুব আলম, অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় সড়কের একাংশ দখল করে ধান মাড়াইয়ের ফলে দুর্ঘটনার ঝুঁকি বাড়লেও এ বিষয়ে এখনো কার্যকর কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি সংশ্লিষ্ট প্রশাসনকে।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, অষ্টগ্রাম জিরো পয়েন্ট থেকে কাস্তুল বাজার পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কের একপাশে ধান মাড়াই করা হচ্ছে। এতে সড়কটি সংকুচিত হয়ে পড়েছে এবং যানবাহন চলাচলে চরম বিঘ্ন ও ঝুঁকির সৃষ্টি হচ্ছে।
রবিবার সন্ধ্যার পর অল্প সময়ের ব্যবধানে ওই সড়কে অন্তত তিনটি দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এতে কয়েকজন আহত হয়েছেন, তবে তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
ভুক্তভোগীদের অভিযোগ, “রাস্তার একপাশ ধান দিয়ে ঢেকে থাকায় রাতে চলাচল করা অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে। বুঝে ওঠার আগেই দুর্ঘটনা ঘটছে, আমরা ভয়ের মধ্যে রয়েছি।”
এলাকাবাসী আরও জানান, দীর্ঘদিন ধরে এভাবে সড়ক ব্যবহার করা হলেও কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে জনমনে অসন্তোষ বাড়ছে।
সচেতন মহলের আশঙ্কা, দ্রুত সড়ক দখলমুক্ত না করলে বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটতে পারে।
এ অবস্থায় এলাকাবাসী সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

About the author

নরসুন্দা ডটকম

Leave a Comment