কিশোরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (২৭ এপ্রিল) সকালে সদর উপজেলার হারুয়া কলেজ রোড এলাকায় নিজ বাসায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শামীম (৪০) মৃত গিয়াসউদ্দিনের ছেলে।
জানা যায়, দীর্ঘ দিন জমি সংক্রান্ত বিষয়ে তাদের মধ্যে বিরোধ ছিল। সোমবার সকালে শামীমের ভাতিজা লিংকন বাসায় প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে তাকে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়। শামীম ও তার মায়ের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের মা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে দোকান ও সম্পত্তি নিয়ে শামীম ও লিংকনের মধ্যে বিরোধ চলছিল। লিংকন জোরপূর্বক তাদের সম্পত্তি দখলের চেষ্টা করছিল। এই বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটেছে।
